যুক্তরাজ্যের জাতীয় নারী কাবাডি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী আনিসা খান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই নতুন নেতৃত্বের বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ২৩ অক্টোবর থেকে ভারতের আহমেদাবাদে শুরু হতে যাওয়া কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে তিনি প্রথমবারের মতো নেতৃত্ব দেবেন। এই প্রতিযোগিতায় বাংলাদেশ ও ইংল্যান্ডসহ মোট ১৪টি দেশের জাতীয় দল শিরোপার লড়াইয়ে অংশ নিতে যাচ্ছে।
আনিসা খানের কাবাডি খেলার পথচলা শুরু হয় ২০১৭ সালে বিশ্ববিদ্যালয় জীবনে পড়ার সময় থেকে। দীর্ঘ প্রচেষ্টার পর তিনি জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন। এর আগে ২০২৪ সালে অনুষ্ঠিত ইউরোপিয়ান বিচ কাবাডি চ্যাম্পিয়নশিপের দলেও তিনি একজন সক্রিয় সদস্য হিসেবে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছিলেন। ইউরোপীয় পরিমণ্ডলে কাবাডিকে এগিয়ে নিতে তার ভূমিকা বেশ প্রশংসিত হয়েছে।
ব্যক্তিগত জীবনে আনিসার শিকড় রয়েছে বাংলাদেশে। তার বাবা ইয়াওর খান ১৯৭৩ সালে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাড়ি জমিয়ে স্থায়ী হন। বিদেশের মাটিতে থেকেও নিজের শেকড় ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত থেকে আনিসা কাবাডির মতো একটি দেশীয় খেলায় নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বর্তমান সময়ে ইংল্যান্ডের কাবাডি অঙ্গনে তিনি এখন পরিচিত মুখ এবং তার নতুন এই দায়িত্ব নিয়ে প্রবাসী কমিউনিটিতে আনন্দের রেশ বইছে।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT