শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা দেশের শিল্প খাতকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে বলে মনে করছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন আশঙ্কার কথা জানান এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি প্রশ্ন তুলেছেন, দেশে পুলিশ, শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকা সত্ত্বেও কেন ক্ষমতাসীন বিএনপির নেতা-কর্মীরা লাঠিসোঁটা হাতে রাজপথে নামছেন। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব কোনো রাজনৈতিক দলের হতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।
গাজীপুরে শ্রমিক তৌফিক শেখের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনার প্রসঙ্গ টেনে মজিবুর রহমান মঞ্জু নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তিনি বলেন, এই মৃত্যুর জন্য কারা দায়ী, শ্রমিকদের ওপর হামলার ঘটনায় কাদের সংশ্লিষ্টতা রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে কতটা সক্ষম ছিল, তা তদন্তের মাধ্যমে জনসমক্ষে প্রকাশ করতে হবে। তার মতে, শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির যৌক্তিক দাবিটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা জরুরি, কারণ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প এখন তীব্র প্রতিযোগিতার মুখোমুখি। শ্রমিকের ন্যায্য অধিকার এবং শিল্পের উৎপাদন সক্ষমতা রক্ষা একে অপরের পরিপন্থী নয় বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে এমন কর্মকাণ্ড নতুন কোনো সংঘাতের ঝুঁকি তৈরি করছে। বিগত সরকারের আমলে একই ধরনের ভুল চর্চা ছিল, যা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দিয়েছিল। শ্রমিকদের ওপর রাজনৈতিক কর্মীদের লেলিয়ে দেওয়া কোনোভাবেই কাম্য নয়। তিনি সরকারের মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া নিয়েও তীব্র সমালোচনা করেন। মজিবুর রহমান জানান, ১৫ অক্টোবর বোর্ড গঠনের উদ্যোগ নেওয়ার পর তা আনুষ্ঠানিকভাবে কার্যকর করতে ১ নভেম্বর পর্যন্ত সময় লেগেছে এবং প্রথম সভা হয়েছে ৪ নভেম্বর। সরকার শ্রমিক অসন্তোষের বিষয়টিকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে নেয়নি, যা তাদের সংকট মোকাবিলার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে।
অনুষ্ঠানে দলের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস ইসলাম খান। পুরো পরিস্থিতি পর্যালোচনায় তারা সরকারের অদূরদর্শিতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT