চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ডাঙ্গারচর এলাকায় চিকিৎসার নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত ১৮ বছর বয়সী সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ জন্মগতভাবে প্রতিবন্ধী ছিলেন। মঙ্গলবার (৬ অক্টোবর) এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় সাঈদের বাবা নুর মোহাম্মদকে আটক করেছে কর্ণফুলী থানা-পুলিশ।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়িতে সাঈদের চিকিৎসার আয়োজন করা হয়েছিল। পরিবারের লোকজন জানিয়েছে, সাঈদের বাবা নিজেও কবিরাজি চিকিৎসার সঙ্গে জড়িত। চিকিৎসার এক পর্যায়ে সাঈদের মুখের ভেতর একটি লাঠিসদৃশ বস্তু প্রবেশ করানো হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয় এবং শেষ পর্যন্ত বিকেলের দিকে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে। দীর্ঘদিন ধরে পরিবারের পক্ষ থেকে তাঁর বিভিন্নভাবে চিকিৎসা চলছিল।
এ বিষয়ে স্থানীয় জুলধা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম বদি জানান, কোনো এক ভণ্ড পীরের পরামর্শে এই চিকিৎসা চালানো হচ্ছিল বলে খবর পেয়েছেন। এমন দুঃখজনক ঘটনায় নিহতের মা-বাবা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। স্থানীয়দের ভাষ্যমতে, সাঈদ দীর্ঘ সময় ধরেই নিয়মিত চিকিৎসার মধ্যে ছিলেন।
ঘটনার খবর পেয়ে কর্ণফুলী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সাঈদের মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর নেপথ্যের কারণ সম্পর্কে বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT