শিমুল হোসেন কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়নের চাচাই গ্রামের কলেজছাত্র আরিফুল ইসলাম (১৮) নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ শিক্ষার্থী চাচাই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। গতকাল রবিবার (১৪ ডিসেম্বর-২০২৫) বেলা আনুমানিক ১১টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ আরিফুল ইসলাম দক্ষিণ শ্রীপুর কুশলিয়া স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির (প্রথম বর্ষ) নিয়মিত ছাত্র। পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সে বাড়ি থেকে বের হলেও নির্ধারিত সময়ে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরবর্তীতে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও আশপাশের এলাকাসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো হদিস মেলেনি।
দীর্ঘ সময় পার হলেও সন্ধান না পাওয়ায় পরিবারে নেমে এসেছে গভীর শোক ও উৎকণ্ঠা। ছেলের নিরাপত্তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন বাবা-মা ও স্বজনরা। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে আরও জানা গেছে, বিষয়টি নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চাওয়া হচ্ছে।
নিখোঁজ কলেজছাত্রকে দ্রুত খুঁজে পেতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে পরিবার। কেউ যদি আরিফুল ইসলামের কোনো সন্ধান পেয়ে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে নিকটস্থ থানা অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত উদ্ধারের জন্য সংশ্লিষ্ট সকলের সক্রিয় ভূমিকা কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT