শিমুল হোসেন, কালিগঞ্জ, সাতক্ষীরা ব্যুরো চীফ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বন্ধন হাসপাতালে চিকিৎসা অবহেলার অভিযোগে এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুর বাবা মোস্তাকিম বিল্লাহ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রামনগর গ্রামের মোস্তাকিম বিল্লাহর স্ত্রী মনিরা বেগমের প্রসব বেদনা শুরু হলে, শনিবার (২৪ মে) বিকাল ৪টায় তাকে কৃষ্ণনগর ইউনিয়নের বন্ধন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ প্রসূতির সকল সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও, ভর্তি হওয়ার পর থেকে রাতভর কোনো চিকিৎসক বা নার্স সেবা প্রদান করেননি। বারবার অনুরোধ সত্ত্বেও শুধুমাত্র একজন আয়া কয়েকবার এসে দেখে যান।
রাত ৩টা ৩০ মিনিটের দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানান যে, চিকিৎসক আসছেন। তবে শেষ পর্যন্ত কোনো চিকিৎসক উপস্থিত হননি। ভোর ৪টার পর মনিরা বেগম নিজে নিজেই সন্তান প্রসব করেন। তবে জন্মের পরপরই নবজাতকটি মারা যায়। অভিযোগে উল্লেখ করা হয়, হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, অক্সিজেন এবং চিকিৎসক না থাকায় নবজাতকটির মৃত্যু হয়।শিশুর মৃত্যুর পর, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কথা উল্লেখ করলে, তারা পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করে এবং দ্রুত হাসপাতাল ত্যাগ করতে বাধ্য করে। মোস্তাকিম বিল্লাহ অভিযোগ করেন, বন্ধন হাসপাতাল চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ছাড়াই স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে, যা সাধারণ মানুষের জন্য বিপজ্জনক। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বন্ধন হাসপাতালের পরিচালক আমগীর হোসেন চিকিৎসা অবহেলার অভিযোগ অস্বীকার করে বলেন, প্রসূতি স্বাভাবিকভাবে মৃত সন্তান প্রসব করেছেন। তবে দায়িত্বরত চিকিৎসকের নাম জানতে চাইলে তিনি কোনো উত্তর দিতে পারেননি।এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT