পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক চট্টগ্রাম গড়ে তোলার মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। মেয়র ডা. শাহাদাত হোসেনের সরাসরি তত্ত্বাবধানে নগরীর সৌন্দর্যবর্ধন এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো বন্দরনগরীকে আধুনিক ও বাসযোগ্য করে তোলা।
নগরীর নতুন রূপ ধরে রাখার লক্ষ্যে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরবাসীকে অনুরোধ করা হয়েছে যেন যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা না হয়। এছাড়া যত্রতত্র পোস্টার ও ব্যানার লাগিয়ে শহরকে দৃষ্টিকটু না করার জন্যও সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে।
যানচলাচল ও পথচারীদের সুবিধার্থে ফুটপাত দখলমুক্ত রাখা এবং সেখানে কোনো ধরনের বাধা সৃষ্টি না করার বিষয়টিও গুরুত্বের সাথে দেখা হচ্ছে। একইভাবে রাস্তার ধারে করা সবুজায়ন কার্যক্রম এবং সৌন্দর্যবর্ধনের জন্য নির্মিত বিভিন্ন স্থাপনাগুলো সুরক্ষা করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মেয়র শাহাদাত হোসেনের এই উদ্যোগের পূর্ণ সুফল পেতে নাগরিক অংশগ্রহণের কোনো বিকল্প নেই। প্রতিটি নাগরিক যদি নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করেন, তবেই দীর্ঘমেয়াদে চট্টগ্রামের নান্দনিকতা বজায় রাখা সম্ভব হবে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতা বন্দরনগরীকে প্রকৃত অর্থেই একটি সুন্দর ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে প্রতিষ্ঠিত করবে।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT