চাঁদপুর সদর উপজেলার বাগাদীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় শুক্রবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখায় ব্যাংক ভবনের দ্বিতীয় তলার দুটি কক্ষের সমস্ত আসবাবপত্র পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ব্যাংকের ভল্টে থাকা নগদ টাকারও কোনো ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের বিপর্যয় থেকে প্রতিষ্ঠানটি রক্ষা পেয়েছে এবং অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন সেখানে থাকা ব্যাংকের দুজন কর্মকর্তা-কর্মচারী।
গ্রামীণ ব্যাংকের চাঁদপুর জোনাল ম্যানেজার তাপস আচার্য জানান, রাত আনুমানিক সোয়া তিনটার দিকে ব্যাংকের নাইট গার্ড অগ্নিকাণ্ডের বিষয়টি শাখা ব্যবস্থাপককে অবহিত করেন। প্রত্যক্ষদর্শী নাইট গার্ডের ভাষ্যমতে, কে বা কারা জানালা দিয়ে জ্বলন্ত কিছু একটা নিক্ষেপ করেছিল। ঘটনার পরপরই ব্যাংক কর্তৃপক্ষ দ্রুত ফায়ার সার্ভিসকে বিষয়টি জানায়। চাঁদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের প্রচেষ্টায় ভোর ৩টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ভোর ৪টা ১০ মিনিটে তা সম্পূর্ণ নির্বাপিত হয়। এতে আগুনের বিস্তার রোধ সম্ভব হয়েছে এবং ব্যাংকের অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পদ ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। তবে এই অগ্নিকাণ্ডে প্রতিষ্ঠানটির কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে তিনি ফায়ার সার্ভিসকে জানানোসহ দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
শনিবার দুপুরে এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মাহমুদা আক্তার। ঘটনাটি গুরুত্বসহকারে খতিয়ে দেখছে পুলিশ। শনিবার বিকেলে চাঁদপুর জেলার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পরিদর্শন শেষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানান, অভিযোগটি আমলে নিয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনার পর এলাকায় উদ্বেগ ও আলোচনার সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT