মোঃ নাজমুল হক প্রধান :
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে চাঁদপুর–২ (মতলব উত্তর–মতলব দক্ষিণ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীসহ ছয়জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে পাঁচজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এবং একজন প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করেন।
শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টা থেকে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে ছয়জনের মনোনয়ন বাতিল এবং পাঁচজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মোহাম্মদ আবদুল মোবিন, স্বতন্ত্র প্রার্থী তানভীর হুদা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. মানসুর আহমেদ সাকি, আমার বাংলাদেশ পার্টির মনোনীত রাশিদা আক্তার, বাংলাদেশ লেবার পার্টির মনোনীত নাসিমা নাজনীন সরকার এবং স্বতন্ত্র প্রার্থী মো. ফয়জুন্নুর আখন।
মনোনয়ন বাতিলের কারণ হিসেবে জানানো হয়—মোহাম্মদ আবদুল মোবিনের ক্ষেত্রে নির্বাচন বিধি অনুযায়ী তথ্যগত ত্রুটি, তানভীর হুদার ক্ষেত্রে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত ঘাটতি, মানসুর আহমেদ সাকির ক্ষেত্রে কারিগরি ও নথিগত অসঙ্গতি, নাসিমা নাজনীন সরকারের ক্ষেত্রে ঋণ খেলাপি (যমুনা ব্যাংক), রাশিদা আক্তারের ক্ষেত্রে হলফনামায় শনাক্তকারীর স্বাক্ষর না থাকা এবং ফয়জুন্নুর আখনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী এম.এ. শুক্কুর পাটোয়ারী তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
যেসব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন—বিএনপি মনোনীত মো. জালাল উদ্দিন, জাতীয় পার্টি মনোনীত মো. এমরান হোসেন মিয়া, এলডিপি মনোনীত বিল্লাল হোসেন, গণঅধিকার পরিষদ মনোনীত গোলাফ হোসেন এবং নাগরিক ঐক্য মনোনীত এনামুল হক।
রিটার্নিং অফিসার মো. নাজমুল ইসলাম সরকার জানান, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা নির্বাচন বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।
মনোনয়ন বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি প্রার্থী আলহাজ্ব ড. জালাল উদ্দিন বলেন, আমি মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করছি। দল আমার ওপর যে আস্থা রেখেছে, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞ। ধানের শীষ শুধু আমার প্রতীক নয়, এটি এই এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতীক।
তিনি আরও বলেন, মরহুমা বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন এবং তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। ইনশাআল্লাহ সম্মিলিত প্রচেষ্টায় চাঁদপুর–২ আসনে বিএনপির বিজয় নিশ্চিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT