ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণার আগেই চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসন যেন জমজমাট নির্বাচনী মাঠ। দলীয় প্রার্থী চূড়ান্ত না হলেও সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, গণসংযোগ আর রাজনৈতিক সমীকরণে এলাকাজুড়ে তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনার পরিবেশ। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা ও প্রচারণা জোরদার করেছেন তারা।
বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব ড. জালাল উদ্দিন। দীর্ঘদিন ধরে মতলব অঞ্চলে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। তৃণমূল পর্যায়ে তার দলীয় অবস্থান এবং স্থানীয় রাজনীতিতে অভিজ্ঞতার কারণে তাকে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করছেন স্থানীয়রা।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন ডা. মোহাম্মদ আবদুল মোবিন। ইসলামী রাজনীতিতে পরিচিত এই নেতা নির্দিষ্ট ভোটব্যাংকের ওপর আস্থা রেখে বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছেন। তার পক্ষে মাঠে সক্রিয় আছেন দলের কর্মী-সমর্থকরাও।
অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপ্রত্যাশী তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী মো. ফয়জুন্নুর আখন রাসেল ইতোমধ্যেই আলোচনায় উঠে এসেছেন। স্বচ্ছ রাজনীতি, উন্নয়ন এবং তরুণ নেতৃত্বের প্রতিশ্রুতি সামনে রেখে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশেষত তরুণদের মাঝে সাড়া ফেলছেন। তার গণসংযোগে প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি মানসুর আহমদ আলোচনায় আছেন। ফলে এ আসনে বহুমাত্রিক প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
ভোটারদের মধ্যেও নির্বাচনকে ঘিরে আগ্রহ বাড়ছে। স্থানীয়দের মতে, তারা এবার পরিবর্তন, উন্নয়ন ও যোগ্য নেতৃত্বকে প্রাধান্য দিতে চান।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT