চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নিকটবর্তী একটি বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’-সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান লেখার ঘটনা ঘটেছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ এবং শিক্ষকদের সহায়তায় এই ঘটনার সঙ্গে জড়িত বিদ্যালয়ের পঞ্চম ও সপ্তম শ্রেণির পাঁচ শিক্ষার্থীকে শনাক্ত করেছে পুলিশ। জড়িত শিক্ষার্থীদের অভিভাবকসহ বিদ্যালয়ে হাজির হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
ঘটনাটি গত বৃহস্পতিবার দুপুরে জানাজানি হলে চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় বাসিন্দাদের তথ্য ও সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ নিশ্চিত হয় যে, দুপুর ১২টা ১৯ মিনিটের পর সাতজন শিক্ষার্থী বিদ্যালয়ের বিপরীত পাশের গলিতে প্রবেশ করে। এদের মধ্যে একজন শিক্ষার্থীকে স্প্রে রং দিয়ে দেয়ালে স্লোগানগুলো লিখতে দেখা গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষার্থীদের অভিভাবকদের উপস্থিতিতে বিস্তারিত শুনে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, শিক্ষার্থীরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তদন্তে প্রাপ্ত তথ্য বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। নিয়ম অনুযায়ী কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ নেবে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক লুৎফুন নাহার এ বিষয়ে প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা করেছেন এবং দেয়ালের আপত্তিকর লেখাগুলো বিদ্যালয়ের কর্মচারীদের মাধ্যমে মুছে ফেলা হয়েছে। তাঁদের কাছ থেকে অন্যদের বিষয়ে তথ্য জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, এই দেয়াল লিখনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে। বিএনপি একে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে অভিহিত করেছে। গতকাল রাতে জেলা বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরের শহীদ হাসান চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন। সভায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম এবং জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব বক্তব্য রাখেন। তাঁরা দাবি করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের দোসররাই এই ষড়যন্ত্রের পেছনে রয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT