রাষ্ট্রায়ত্ত তিন বাণিজ্যিক ব্যাংক সোনালী, জনতা ও রূপালীর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল ঘোষণা করেছে সরকার। এ পদে দায়িত্বে থাকা সোনালী ব্যাংকের মো. শওকত আলী খান, জনতা ব্যাংকের মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের কাজী মো. ওয়াহিদুল ইসলামকে সরিয়ে দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ বিষয়ে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়।
অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত চিঠিতে জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের চুক্তি বাতিলের ক্ষেত্রে সরকারের সম্মতির বিষয় উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে চুক্তির শর্ত এবং প্রচলিত আইন অনুসরণ করে প্রয়োজনীয় পরবর্তী আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
নিয়োগের পটভূমি হিসেবে জানা যায়, ২০২৪ সালের ৩০ অক্টোবর তিন বছরের জন্য সোনালী ব্যাংকের এমডি পদে যোগ দিয়েছিলেন মো. শওকত আলী খান, যিনি এর আগে বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব সামলেছেন। অন্যদিকে কাজী মো. ওয়াহিদুল ইসলাম তিন বছরের চুক্তিতে রূপালী ব্যাংকের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন এবং মো. মজিবর রহমান জনতা ব্যাংকের এমডি ও সিইও পদে নিয়োজিত ছিলেন। প্রজ্ঞাপন জারির পর এখন ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ বিধি অনুসারে পদক্ষেপ গ্রহণ করবে।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT