বছরের প্রথম দিন সারাদেশে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমিতে বই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
আজ ০১ জানুয়ারি সকাল দশটায় একাডেমি প্রাঙ্গণে জাঁকজমক ভাবে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়। আর বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এমন আনন্দে অভিভাবকরাও দারুণ খুশি।
স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আশরাফুল জাহান শাওলিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব সরকারি ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ মিজানুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন একাডেমির প্রিন্সিপাল রাধেশ্যাম মন্ডল, শিক্ষক শিক্ষিকা মন্ডলী, অভিভাবকবৃন্দ ও কোমলমতি শিক্ষার্থীরা।
উল্লেখ্য এবারের শিক্ষাবর্ষে ৪ কোটি ১৭ লাখ ২৬ হাজার ৮৫৬ জন শিক্ষার্থীর মধ্যে ৩৪ কোটি ৭০ লাখ ২২ হাজার ১৩০ কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতিতে পাঠ্যপুস্তক ও ৫টি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শিক্ষার্থীদের মাতৃভাষায় মুদ্রিত পাঠ্যপুস্তকও রয়েছে। তবে, এ বছরের প্রথমদিনে সব শিক্ষার্থীকে বই দেওয়া সম্ভব হচ্ছে না। পর্যায়ক্রমে নতুন বই পাবে শিক্ষার্থীরা।
২০১২ সাল থেকে বর্তমান সরকার আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে। এই কার্যক্রমের ধারাবাহিকতায় সারাদেশে একযোগে বছরের প্রথম দিন ১ জানুয়ারি শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট দফতরসমূহের কর্মকর্তা-কর্মচারির উপস্থিতিতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বই বিতরণ উদযাপিত হয়ে আসছে।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT