নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক প্রাক্তন শিক্ষার্থীকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম জয়নাল আবেদীন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। গতকাল নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাজবুল গার্মেন্টস কর্মীদের মিছিলে ছিল।
ঘটনার প্রত্যক্ষদর্শী, শিক্ষার্থী ও ভিডিও ফুটেজ থেকে জানা যায়, সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান দেখার উদ্দেশ্যে ক্যাম্পাসে আসেন জয়নাল। ক্যাম্পাসে প্রবেশের পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা তাকে ধাওয়া দিয়ে আটক করেন। এ সময় ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি ও সুমন সরদারসহ অন্যান্য নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
ক্যাম্পাসের কাঁঠালতলায় আটক করার পর জয়নালকে পার্শ্ববর্তী পোগোজ ল্যাবরেটরি স্কুলের ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মারধর করা হয়। মারধরের এক পর্যায়ে জয়নালকে বলতে শোনা যায়, ‘ভাই, আমাকে মেরে ফেলুন। আমাকে অন্যায়ভাবে ধরা হয়েছে। যদি ছাত্রলীগের কোনো পোস্টে আমি থাকি, তবে আমার বিচার আপনারা যা ইচ্ছা করুন।’
জয়নালকে পুলিশের কাছে হস্তান্তরের বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করার জন্য ছাত্রলীগের সন্ত্রাসীরা সক্রিয় রয়েছে। কাঁঠালতলায় এমন সন্দেহে একজনকে ধরে তারা পুলিশের জিম্মায় দিয়েছেন। ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ জানিয়েছেন, আটকের পর জয়নালকে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি কোনো কিছু স্বীকার করেননি। পরে শাঁখারীবাজার মোড়ে দায়িত্বরত পুলিশের কাছে তাকে তুলে দেওয়া হয়। এসময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও যাচাইয়ের জন্য পুলিশকে অনুরোধ করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা মোবাইল পুলিশকে চেক করতে বলেছি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ছাত্রদল নেতা-কর্মীরা তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। বর্তমানে তার বিরুদ্ধে ছাত্রলীগের কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পরই পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। জয়নালের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায় এবং তার সংশ্লিষ্টতার বিষয়ে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করা হচ্ছে। এর আগে রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকেও ছাত্রলীগের এক সাবেক নেতাকে ছাত্রদলের নেতা-কর্মীরা শাহবাগ থানায় সোপর্দ করেছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT