রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের একটি নতুন চালান প্রথমবারের মতো পদ্মা সেতু ব্যবহার করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এসে পৌঁছেছে। গাজীপুরে পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভ ও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এই রুট পরিবর্তন করা হয়েছে। শুক্রবার সকাল ৭টা ৩২ মিনিটে সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে।
এর আগে পারমাণবিক জ্বালানি পরিবহনের ক্ষেত্রে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, বঙ্গবন্ধু সেতু এবং নাটোরের বনপাড়া হয়ে পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া রুটটি নিয়মিত ব্যবহার করা হতো। তবে এবার তা পরিবর্তন করে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, ফরিদপুরের ভাঙ্গা, রাজবাড়ী, কুষ্টিয়া হয়ে পাকশীর লালন শাহ সেতু দিয়ে রূপপুরে পৌঁছায় গাড়িবহর। রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস টুটল জানান, নিরাপত্তার খাতিরেই এই বিকল্প পথ বেছে নেওয়া হয়েছে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এই চালানসহ এ পর্যন্ত মোট পাঁচটি চালান প্রকল্প এলাকায় পৌঁছাল, যার মধ্যে প্রথম ইউনিটের জন্য একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য চারটি চালান অন্তর্ভুক্ত। রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, সর্বমোট নয়টি চালানে এই জ্বালানি সরবরাহ সম্পন্ন হবে। এর মধ্যে দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানির জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি অ্যাসেম্বলি আনার প্রক্রিয়া রয়েছে।
রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট নিয়ে রূপপুরের কার্যক্রম চলছে। বর্তমানে প্রথম ইউনিটে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ পর্যায়ের কাজ চলমান। গত ২৯ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান এই ধাপের কার্যক্রম শুরুর আনুষ্ঠানিক অনুমোদন দেন। বর্তমানে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়িয়ে টারবাইন ও জেনারেটরের কর্মক্ষমতা যাচাই করা হচ্ছে।
সব কিছু পরিকল্পনা অনুযায়ী চললে চলতি নভেম্বর মাসে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। তবে এই প্রক্রিয়াটি নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় শর্ত ও চূড়ান্ত অনুমোদনের ওপর নির্ভরশীল।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT