শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক।
পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে “স্বপ্নসারথি গ্রাজুয়েশন অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর ২০২৫) উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মঠবাড়িয়া উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব আব্দুল কাইউম।
ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ২০২৩ সাল থেকে উপজেলার চারটি ইউনিয়নের দশটি গ্রামে ১৩ থেকে ১৭ বছর বয়সী ২৫০ জন কিশোরীকে নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ, নেতৃত্ব বিকাশ ও জীবন দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দীর্ঘ ২৭ মাসের ধারাবাহিক প্রশিক্ষণ শেষে যারা আঠারো বছরে পদার্পণ করেছে, তাদের “স্বপ্নসারথি গ্রাজুয়েট” হিসেবে সম্মাননা ও সনদ প্রদান করা হয়।“পার করেছি আঠারো, পেরিয়ে যাবো আঠারো”— এই অনুপ্রেরণামূলক প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এ বছর মোট ১৯ জন কিশোরীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন উর্মি ভাদুড়ী, রিজিওন্যাল ম্যানেজার (জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রাম); সঞ্জয় মালাকার, অফিসার (সেলপ) পিরোজপুর সদর; মোঃ আব্দুর রশীদ, অফিসার (সেলপ) এবং সুমনা রায়, সি.ও (সেলপ), মঠবাড়িয়া।বক্তারা বলেন, কন্যাশিশুর ক্ষমতায়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। ব্র্যাকের এই ধারাবাহিক উদ্যোগ কিশোরীদের আত্মবিশ্বাসী, দক্ষ ও স্বনির্ভর নাগরিক হিসেবে গড়ে তুলবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।সমাজ পরিবর্তনের এই যাত্রায় “স্বপ্নসারথি গ্রাজুয়েট” কিশোরীরা হয়ে উঠছে আগামী দিনের আলোকিত প্রজন্মের পথপ্রদর্শক।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT