মতলব প্রতিনিধি : তৃতীয় ধাপের নির্বাচনে মতলব দক্ষিণ উপজেলার তিন ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝিদের বেকায়দায় ফেলছেন বিদ্রোহী প্রার্থীরা। দলীয় মনোনয়ন কে উপেক্ষা করে যারা বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদেরকে দল বহিষ্কার এবং কারণ দর্শানোর নোটিশ প্রদান করলেও থেমে নেই প্রচার-প্রচারণা।
উপজেলা আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মতলব দক্ষিণ উপজেলার চারটি ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যে উপাদী উত্তর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শহীদুল্লাহ প্রধান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। উপজেলার অপর তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান গনকে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রদান করেন। এরা হলেন নায়েরগাঁও উত্তর ইউনিয়নে মিজানুর রহমান সেলিম, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আব্দুস সালাম মৃধা মামুন এবং উপাদী দক্ষিণ ইউনিয়নে গোলাম মোস্তফা।
সরেজমিনে জানা যায়, চেয়ারম্যান পদে তিন ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন দলের নেতাকর্মীরা। যদিও এসকল বিদ্রোহী প্রার্থীদের দল থেকে বহিষ্কার এবং কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হলেও থেমে নেই তাদের প্রচার-প্রচারণা। আর এই সকল বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকরা মনে করেন দল থেকে বহিষ্কারের কারণে তারা আরও নতুন করে উজ্জীবিত হয়েছেন। আগামী ২৮ নভেম্বর নির্বাচনে তারা প্রমাণ করতে চান, দলীয় মনোনয়ন প্রদানে তৃণমূল নেতা-কর্মীদের চাওয়াকে উপেক্ষা করে কেন্দ্রে ভুল বার্তা পাঠানো হয়েছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন এদের মধ্যে মতলব দক্ষিণ উপজেলায় সবচেয়ে বেশি আলোচিত হচ্ছেন নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক কামরুজ্জামান মোল্লা। তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে ঘোড়া প্রতীকে তার কর্মী-সমর্থকদের সাথে নিয়ে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ব্যাপকভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন। এই ইউনিয়নে ভোটগ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে। বিদ্রোহী প্রার্থী কামরুজ্জামান মোল্লা বলেন, ইউনিয়ন বাসীর ভালোবাসার কারণেই তিনি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে মাঠে রয়েছেন। ইভিএম পদ্ধতিতে ইউনিয়নের মানুষ সুষ্ঠুভাবে ভোট প্রদান করতে পারলে তাঁর বিজয় সুনিশ্চিত বলে তিনি মনে করেন।
বিদ্রোহী প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন উপাদী দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের বহিস্কৃত সহ-সভাপতি ইউসুফ পাটোয়ারী। দলীয় মনোনয়ন না পেয়ে আনারস প্রতীকে তিনিও কর্মী-সমর্থকদের ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন।
অপরদিকে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন দু'জন। এরা হলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক কোকিল এবং ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নাছির আহমেদ অরুন। দলীয় মনোনয়নের বিরুদ্ধে নির্বাচন করায় দল থেকে কারণ দর্শানোর নোটিশ পাওয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক কোকিল মোটরসাইকেল প্রতীক এবং আওয়ামী লীগ নেতা নাসির আহমেদ অরুণ ঘোড়া প্রতীক নিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন। তবে এই ইউনিয়নের দলীয় নেতাকর্মীরা মনে করেন, যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের তেমন কোনো জনসমর্থন নেই। দল যাকে মনোনয়ন দিয়েছে তিনি ইনশাআল্লাহ আগামী ২৮ নভেম্বরের নির্বাচনে জয়ী হবেন।
তবে উপজেলার নায়েরগাঁও উত্তর এবং উপাদী দক্ষিণ ইউনিয়নের সাধারন ভোটারদের সাথে আলাপকালে জানা যায় এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এর সাথে বহিস্কৃত সাধারণ সম্পাদকের হাড্ডাহাড্ডি লড়াই হবে। কারণ হিসেবে তারা বলেন, কামরুজ্জামান মোল্লা বর্তমানে এই ইউনিয়নের সর্ব দলীয় প্রার্থী। অপরদিকে আওয়ামী লীগের ভোট ব্যাংক খ্যাত উপাদী দক্ষিণ ইউনিয়নের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করেন তারা।