মোঃ নাজমুল হক, মতলব চাঁদপুর :
চাঁদপুরে মেঘনা-ধনাগোদা নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব ঝুলন্ত (কেবল–স্টেইড) মতলব-গজারিয়া সেতু। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের কালীপুর পাম্প হাউজ এলাকায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে এসে প্রকল্পস্থল পরিদর্শন করেন কোরিয়ান প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসনের বিএনপি প্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
সেতুটি নির্মাণ হলে চাঁদপুর–ঢাকা–চট্টগ্রামের মধ্যে যোগাযোগব্যবস্থায় আসবে বৈপ্লবিক পরিবর্তন। এর আগে পরিদর্শনে এসে সড়ক ও সেতু বিভাগের যুগ্ম সচিব ভিখারুদৌল্লা জানিয়েছিলেন, ২০২৬ সালের শুরুর দিকে সেতুর নির্মাণ কাজ শুরুর সম্ভাবনা রয়েছে।
২০২৩ সালের ৩১ অক্টোবর একনেক সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। ১.৮৫ কিলোমিটার দীর্ঘ এ সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৭৮৩ কোটি টাকা। সেতুর দুই প্রান্তে ৭.৫১ কিলোমিটার সংযোগ সড়ক, ২.২ কিলোমিটার নদী শাসন, একটি টোল প্লাজা এবং দুটি ওজন স্টেশন নির্মাণ করা হবে। ভবিষ্যতের নৌযান চলাচলে কোনো বাধা না দিতে সেতুর ভার্টিক্যাল ক্লিয়ারেন্স রাখা হয়েছে ২৫ মিটার।
এ সময় উপস্থিত ছিলেন কুরিয়ান ফান্ডিং প্রতিনিধি দলের মিস্টার বিয়ন, মিস্টার পার্ক, মিস্টার সিন ও মো. বাবলু ভূইয়া, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান টিপু, বিএনপি নেতা আনিসুল আউয়াল।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT