
মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব দক্ষিণে শিশুধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে উপস্থিত শত শত নারী-পুরুষ বিক্ষোভ মিছিল করেন এবং অবিলম্বে নরপশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর সর্বোচ্চ শাস্তি (ফাঁসি) দাবি জানিয়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। মিছিলটি লেকপাড় চৌরাস্তা মোড় থেকে শুরু হয়ে মনিগাঁও হয়ে পয়ালী বাজারে এসে সমাপ্ত হয়। অভিযুক্ত লুৎফুর রহমান কাজী ৪নং নারায়ণপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতির দায়িত্বে ছিলেন।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর দুপুরে উপজেলার পয়ালী গ্রামে ওই শিশু গাভীর দুধ নিয়ে গেলে এক শ টাকার লোভ দেখিয়ে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে মনিগাঁও গ্রামের মৃত ওহাব আলীর ছেলে লুৎফর রহমান কাজী (৭০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিশুর মা কুলসুমা বেগম বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করলে পুলিশ লুৎফুর রহমান কাজীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান মানিক জানান, মামলা হওয়ার পরই ধর্ষক লুৎফুর রহমান কাজীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT