নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারানো সাংবাদিক লুৎফর জামান ফকির ওরফে আলিফ ফকিরের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে জেলা প্রেসক্লাবের সামনের সড়কে এই কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিক ও সাধারণ জনগণ। রূপসীবাংলা নামের একটি আইপি টিভিতে কর্মরত আলিফ 'ডিটেকটিভ আর্টিক্যাল' নামের একটি অনলাইন পেজও পরিচালনা করতেন। গত বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুরের তেলুঞ্জিয়া এলাকায় তিনি আততায়ীদের গুলিতে নিহত হন।
জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, শ্যামলেন্দু পাল, এনসিপির কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, সাংবাদিক শফিকুল ইসলাম, আবুল কালাম এবং তানভীর হায়াত খানসহ অন্য নেতারা। সমাবেশটি সঞ্চালনা করেন সাংবাদিক সঞ্জয় সরকার।
বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে আলিফের খুনিদের শনাক্ত করে আইনের আওতায় আনা, তার ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন করা, সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান বন্ধ করা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান চালানোর জোর দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT