
সমীর ভট্টাচার্য্য ঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় স্থানীয় নিউ হোস্টেল মাঠে অনুষ্ঠিত ‘মতলব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলায় ছিল প্রায় ৩০ হাজার দর্শকের উপচে পড়া ভিড়। খেলায় নোয়াখালীর ‘পরাগ নাইট রাইডার্স’ বনাম চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ‘অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব’ অংশ নেয়। স্থানীয় প্রশাসন, ক্রীড়া সংস্থা ও ক্রীড়ামোদীরা খেলাটির আয়োজন করে।
গত ১২ জুন শুক্রবার বিকেলে
নিউ হোস্টেল মাঠে ওই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবের হোসনাইন সানীব , উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগরসহ স্থানীয় বিএনপি ও একাধিক ক্রীড়া সংগঠনের বেশ কয়েকজন নেতা। খেলাটি পরিচালনা করেন শেখ সোহরাব জালালী। এতে ধারাভাষ্য দেন মো. কবির হোসেন, ফয়সাল আহম্মেদ ও মনিরুল ইসলাম।
বিকেল পাঁচটায় উপজেলার নিউ হোস্টেল মাঠ এলাকায় দেখা যায়, মাঠের চারপাশে হাজারো দর্শকের উপচে পড়া ভিড়। মাঠের চারপাশ ছাপিয়ে আশপাশের বাড়ির ছাদ থেকেও অনেক দর্শককে খেলা উপভোগ করতে দেখা যায়। মাঠ এলাকা ছিল লোকে লোকারণ্য। সেখানে তিল ধারণের ঠাঁই নেই যেন। দর্শকেরা মুহুর্মুহু করতালির মাধ্যমে দুই দলের খেলোয়ারদের উৎসাহ দিচ্ছেন। সমর্থন করা দলের খেলোয়ারদের পায়ে বল এলেই শুরু হয় চিৎকার-চেঁচামেচি। দর্শকদের চিৎকার, হইচই শব্দে গোটা নিউ হোস্টেল মাঠ এলাকায়ই হয়ে উঠে সরগরম ও প্রাণবন্ত। খনিকের জন্য হলেও চলমান বিশ^কাপ ফুটবলের আমেজ ছাপিয়ে দর্শকেরা মেতে উঠেন এ ফুটবল ফাইনাল খেলা উপভোগে।
উপজেলার কলেজ গেইট এলাকার বাসিন্দা মো. হোসেন মিয়া বলেন, অনেকদিন পর স্থানীয়ভাবে এমন একটি সুন্দর ফুটবল ফাইনাল খেলা উপভোগ করতে পেরে খুব ভালো লাগছে। আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবল দল নিয়ে সমর্থকদের মাতামাতির মাঝেও আজ এমন একটি ফুটবল আয়োজন সবার মনে খোরাক জুগিয়েছে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিন ।
