
কুমার ঘোষ কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে স্কুলে চুরি, লুটপাটসহ ব্যাপক ক্ষয়ক্ষতি। প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে প্রধান শিক্ষক থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি উপজেলার উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ঘটেছে। অভিযোগ ও সরেজমিন সূত্রে জানাগেছে, পরিকল্পিতভাবে চুরি, লুটপাটসহ স্কুলের আলমারি ভেঙ্গে নগদ টাকা ও প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে গেছে চোর চক্রটি। বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) গভীর রাতে সংঘটিত দুধর্ষ চুরির বিষয়টি সকালে স্থানীয়রা বিদ্যালয়ে এসে তালাভাঙ্গা দেখতে পায়। এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. হাফিজুর ইসলামকে অবহিত করেন। পরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, শ্যামনগর সরকারি মহসিন কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মনজুরুর রহমান, আলহাজ্ব আব্দুল মাজেদ সরদার, সহকারী প্রধান শিক্ষক সুমন চন্দ্র, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও ইউপি সদস্য রেজাউল ইসলাম রেজা এবং অফিস সহকারী শাফায়েত উল্লাহ উপস্থিত হন।বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চোর চক্রটি বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র ও শিক্ষার্থীদের সার্টিফিকেট- সংক্রান্ত কাগজপত্র, বৈদ্যুতিক ফ্যান, দুটি মোটর, নগদ অর্থসহ বিভিন্ন আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গেছে। এতে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে বলা হয়, এটি সাধারণ চুরির ঘটনা নয়; বরং পরিকল্পিতভাবে বিদ্যালয়ের ক্ষতি সাধনের উদ্দেশ্যে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে তাদের ধারণা। ঘটনার সুষ্ঠু তদন্ত করে চুরির সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এছাড়া বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ, চুরি হওয়া মালামাল উদ্ধার এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া জরুরি। এতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ হবে এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আস্থা ফিরে আসবে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শিক্ষক এস. এম. হাফিজুর ইসলাম কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের নিকট চুরির ঘটনা জানতে চাইলে তিনি বলেন -এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। দ্রুত সম্ভব ক্লু উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
