
রাজধানীর আব্দুল গনি রোডে অবস্থিত বর্তমান সচিবালয় সরিয়ে শেরেবাংলা নগরে স্থানান্তর করা হবে। শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয়ের নতুন ভবন নির্মিত হবে। মন্ত্রিসভার এক বৈঠকে রোববার বিকালে এই স্থানান্তরের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভার সিদ্ধান্ত গণমাধ্যমকে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। নির্ধারিত সময়সীমা অনুযায়ী, ২০২৯ সাল থেকে নতুন জায়গায় প্রশাসনিক কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে সরকারের। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।
এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একটি সভায় সচিবালয় স্থানান্তরের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত ওই সভায় গণপূর্ত মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর এবং স্থাপত্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। সেই সভার পরদিন সচিবালয় স্থানান্তরের প্রকল্পটি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত করার জন্য পরিকল্পনা কমিশনের কাছে চিঠি পাঠায় গণপূর্ত মন্ত্রণালয়।
