
স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুরের মতলব দক্ষিণে যৌতুকের জন্য আয়েশা আক্তার (৩২) নামে এক গৃহবধূকে নির্যাতন করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে শশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। ভুক্তভোগী নারায়ণপুর ইউনিয়নের পদুয়া গ্রামের আবুল বাসারের মেয়ে।
নির্যাতিত গৃহবধূর বাবা আবুল বাসার জানান, ছয় বছর আগে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাড়ৈগাঁও এলাকার আব্দুল মতিন মজুমদারের ছেলে কাউছার মজুমদারের সাথে পারিবারিকভাবে আমার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে কাউছার যৌতুকের দাবি করে আসলে আমার সামান্য জায়গা জমি বিক্রি করে একটি বসতঘর করে দেই। এরপর কিছুদিন সংসার ভালোভাবে চললেও পুনরায় কাউছার যৌতুক বাবদ আমার কাছ থেকে আরও টাকা এনে দিতে চাপ সৃষ্টি করে। কিন্তু আমার মেয়ে এতে রাজি না হলে প্রায় সময় বেধড়ক মারধর করতো।
ভুক্তভোগীর পরিবার জানায়, এরই জের ধরে গত ৯ এপ্রিল দিবাগত রাতে কাউছার মজুমদার ও তার আগের সংসারের ছেলে মিনহাজ মজুমদার, বড় ভাই সাদেক মজুমদারসহ পরিবারের লোকজন মিলে আয়েশাকে বাড়ি থেকে টাকা এনে দিতে আবার চাপ প্রয়োগ করে। এতে ওই গৃহবধূ রাজি না হলে কাউছার ও তার ছেলে মিনহাজ, ছেলের বউ, ভাই সাদেক মজুমদার, সাদেকের স্ত্রীসহ পরিবারের লোকজন আয়েশাকে হত্যার জন্য বেধড়ক মারধরসহ দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
নির্যাতনের এক পর্যায়ে আয়েশা আক্তার অজ্ঞান হয়ে পড়েন। পরে বস্তায় ভরে ফেলে দেয়ার পরিকল্পনা করে কাউছার ও তার পরিবারের লোকজন। জ্ঞান না ফেরায় ঘটনার প্রায় ৩ ঘণ্টা পর কাউছারের ছেলে মিনহাজ আয়েশার বাবার বাড়িতে ফোন করে জানান আয়েশা আক্তার ঘুরের ঘরে মারা গেছে। এই খবর পেয়ে তার বাবার বাড়ির লোকজন শশুরবাড়ি গেলে তাদের ওপর হামলা করার চেষ্টা করে বলে জানায় পরিবার।
পরে আলাকার লোকজনের সহায়তায় মুমূর্ষু অবস্থায় আয়েশাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
আয়েশার বাবা কাঁদতে কাঁদতে বলেন, আমি অনেক গরীব মানুষ। বারবার জামাইয়ের চাহিদা মেটানোর সামর্থ আমার নেই। তাই তারা সবসময় আমার মেয়েকে মারধর করতো। অনেক বুঝিয়ে লাভ হয়নি। এবার হত্যার চেষ্টা করেছে।
অভিযুক্ত কাউছার মজুমদারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইলফোন বন্ধ পাওয়া যায়। বিভিন্ন সূত্রে চেষ্টা করেও সেই পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
