
সমির ভট্টাচার্য্যঃ
মতলব পৌরসভার এলাকার তিন ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন অভিযোগে ১লক্ষ ৬০হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে এক অভিযানে এ জরিমানা প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া।
জানা যায়, ভ্রাম্যমান আদালত লাইসেন্স না থাকা, কৃষি জমির মাটি কেটে ইট প্রস্তুত করা, কয়লা না পুড়িয়ে ইট তৈরী করাসহ বিভিন্ন অভিযোগে উপজেলার বাইশপুর এলাকায় সিএসবি ব্রীক ফিল্ডের মালিক বিল্লাল ফরাজী গংকে ৫০হাজার টাকা, শাহপরান ব্রীক ফিল্ডের রশিদ ফরাজী গংকে ৭০ হাজার টাকা, কেএসবি ব্রীক ফিল্ডের কাশেম বেপারী গংকে ৪০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া জানান, সকল অবৈধ ইট ভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান অব্যাহত থাকবে।
এদিকে মতলব পৌর এলাকার মধ্যে এবং শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন গড়ে ওঠা ইটভাটা চালু থাকার বিষয়ে স্থানীয়দের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এর আগেরও মতলব দক্ষিণ উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমিন অভিযান পরিচালনা করে পৌর এলাকার মধ্যে পরিচালিত হওয়া চারটি ইটভাটাকে অর্থদন্ড প্রদান করেন।
সেই সূত্রে জানা যায়, ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ৮ নম্বর ধারার ১ নম্বর উপধারায় আবাসিক, পৌর এলাকাসহ ছয় ধরনের এলাকার ভেতরে ইটভাটা স্থাপন নিষিদ্ধ করা হয়েছে। এই ধারার ৩ নম্বর উপধারায় ভাটা স্থাপনে নিষিদ্ধ এলাকার সীমারেখার এক কিলোমিটার দূরত্বের মধ্যে ইটভাটা স্থাপন নিষিদ্ধ করা হয়েছে।
