
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে জনগণের মাঝে নতুন আলোচনা শুরু হয়েছে। স্থানীয় বিভিন্ন মহলে তরুণ নেতৃত্বের প্রতি আগ্রহ বাড়ছে বলে জানিয়েছেন এলাকাবাসীর একাংশ। এ আলোচনায় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে উঠে আসছে তিন তরুণ নেতার নাম।
তারা হলেন, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও দুর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মাসুদুল ইসলাম মমিন লস্কর, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমু সরকার এবং দুর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক মনসুর আলম ইমন। তারা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে এই তিনজন তরুণ চেয়ারম্যান প্রার্থীর পরিচিতি ও গ্রহণযোগ্যতা তৈরি হতে শুরু করেছে। তবে তরুণ এই প্রার্থীদের বাইরেও ইউনিয়নের সিনিয়র নেতাদের নাম রয়েছে চেয়ারম্যান প্রার্থীর তালিকায়।
দুর্গাপুর ইউনিয়ন বাসিন্দাদের ভাষ্য, বর্তমান সময়ে ইউনিয়নের উন্নয়ন, সুশাসন এবং জনসেবামূলক কার্যক্রমে নতুন চিন্তা ও উদ্যমের প্রত্যাশা থেকে অনেকেই তরুণ নেতৃত্বকে ইতিবাচকভাবে দেখছেন। তবে নির্বাচন সামনে এলে ভোটারদের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে কে জনগণের সমর্থন পাবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার নির্বাচনে ব্যক্তিগত ভাবমূর্তি, জনসম্পৃক্ততা এবং সাংগঠনিক দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সে দিক থেকে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে নিজেদের অবস্থান সুসংহত করতে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় রয়েছেন বলে জানা গেছে।
যদিও এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি, তবুও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা এবং ভোটারদের আগ্রহ দিন দিন বাড়ছে। দুর্গাপুর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে তরুণ নেতৃত্বের এই উপস্থিতি আগামী নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা। তবে শেষ পর্যন্ত জনগণের রায়ই নির্ধারণ করবে দুর্গাপুর ইউনিয়নের আগামী চেয়ারম্যান কে হবেন।
