
মতলব প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলার দগরপুর আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে গোপনীয়তার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। নির্বাচনের বিষয়টি প্রচারণায় না এনে পছন্দের প্রার্থী দিয়ে কমিটি গঠনের পায়তারা চালাচ্ছেন তিনি।
জানা যায়, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর কারণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত ছিল। বর্তমানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশক্রমে উপজেলার বিভিন্ন বিদ্যালয়গুলোতে ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু দগরপুর আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের বিষয়টি অত্যন্ত গোপনীয়তার সাথে সম্পন্ন করতে চেয়ে ছিলেন প্রধান শিক্ষক শাহজাহান মাস্টার। নিজের পছন্দের প্রার্থীকে দিয়ে কমিটি করার জন্য নির্বাচনের তফসিল এর বিষয়টি তিনি বিদ্যালয়ের নোটিশ বোর্ডে প্রদর্শন করেন নি। এছাড়াও নির্বাচনে সাধারণ অভিভাবক পদে সকলের অংশগ্রহণ বন্ধ করতে মনোনয়ন পত্রের দাম ১০ হাজার টাকা নির্ধারণ করেন।
সরেজমিনে জানা যায়, ৯ নভেম্বর ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সাধারণ অভিভাবক পদে মনোনয়নপত্র ক্রয় এবং জমাদানের শেষ দিন ছিল। নির্বাচনের বিষয়টি ওইদিনই স্থানীয় বাজারে আলোচিত হলে কয়েকজন অভিভাবক মনোনয়নপত্র ক্রয় করতে যান। মনোনয়নপত্র ক্রয় করতে গিয়েই এর দাম ১০ হাজার টাকা শুনে অনেক অভিভাবক প্রতিবাদ করেন। এছাড়াও নির্বাচনের নোটিশ বিদ্যালয়ের নোটিশ বোর্ডে এবং ব্যাপকভাবে প্রচার না করে শুধুমাত্র লাইব্রেরির কক্ষে সাঁটানোর বিষয়ে প্রধান শিক্ষকের কাছে জানতে চান তারা। নির্বাচনের বিষয়টি গোপনীয়তা রাখা নিয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছেন কয়েকজন অভিভাবক। এদিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে চার জন প্রার্থী মনোনয়ন কিনেছেন। এরা হলেন মাকছুদ পাটোয়ারী, সত্যবান গোলদার, মোস্তফা কামাল ও আবুল খায়ের।
এ নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম খান বলেন, দগরপুর আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের নির্বাচন নিয়ে কয়েকজন অভিভাবক লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি আমরা তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।
