
কচুয়া প্রতিনিধি :
চাঁদপুরের কচুয়া উপজেলা বুধুন্ডা গ্রামের দৌলাগাজী প্রধানীয়া বাড়ীতে ১৩ ফেব্রুয়ারী (মঙ্গলবার) আনুমানিক দুপুর ১২টায় অগ্নিকান্ডের ঘটনায় মুক্তার হোসেন, সাইফুল ইসলাম, বজলুসহ আরও অনেকের ছোট বড় মোট ১৫টি ঘর পুড়ে ছাঁই হয়ে যায়। এতে প্রায় ১৬কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়েছে বলে জানাযায়। অগ্নিকান্ডের ফলে ক্ষতিগ্রস্তদের স্বপ্নে গড়া বসত ঘরগুলো নিমিষেই পুড়ে ছাঁই হয়ে যাওয়ায় তারা নিঃস্ব হয়ে পড়ে।
জানাযায় অগ্নিকান্ডের সূত্রপাত হয় ঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে। পুড়ে যাওয়া ঘর গুলোতে থাকা পরিবারের প্রায় ৮০ভরি স্বর্ণালংকার, নগদ ৪০ লক্ষ টাকা ও কাঠ এবং স্টীলের আসবাবপত্র সহ ঘরে থাকা কাপড়চোপড় ও মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়।
অগ্নিকান্ড ছড়িয়ে পড়ার সাথে সাথে বসতবাড়ির বাসিন্দাদের ডাক-চিৎকারে চারিদিক থেকে এলাকার মানুষ ছুটে আসে। অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত কচুয়া উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসে এবং কয়েক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বসতবাড়ির ১৫টি ঘর পুড়ে ছাঁই হয়ে যায়।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে দাঁড়াবার জন্য স্থানীয় সাধারণ মানুষ এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।
