
বিশেষ প্রতিনিধি:ফেনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাইফুল আহমেদ (২৯) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। গতকাল শনিবার (১৭ এপ্রিল) রাতে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কে সদর উপজেলার কাজিরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন মাসুম মির্জা নামে আরও একজন।
নিহত সাইফুল আহমেদ ফুলগাজী সদর ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ওমর হায়দার জানান, ফুলগাজী থেকে ফেনী যাচ্ছিলেন সাইফুল ও মাসুম মির্জা। কাজিরবাগে চেয়ারম্যান নার্সারির কাছে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপকে পাশ দিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লাগে। তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।
