
সমীর ভট্টাচার্য :
মতলব বাজারের মাংস বিক্রেতাদের জন্য বাজারের উত্তর পাশে ধনাগোদা নদীর পাড়ে পৌরসভার অর্থায়নে নির্মাণ করা হয় কসাইখানা। কিন্তু এই কসাইখানায় রিকশা বা ভ্যান গাড়ি চলাচলের সুযোগ না থাকায় বাজারের রাস্তার উপরেই জবাই করা হচ্ছে পশু।
সরজমিনে দেখা যায়, গত ১৩ ফেব্রুয়ারী সকালে মতলব বাজারের প্রধান সড়ক অগ্রনী ব্যাংক রোডের মামুন ও বাবুল এর মাংসের দোকানের সামনে রাস্তার উপর গরু জবাই করা হচ্ছে। এতে করে গরুর রক্ত ও অন্যান্য বর্জ্যে নষ্ট হচ্ছে পরিবেশ, জন্ম নিচ্ছে বিভিন্ন ধরনের জীবাণু।
বাজারের একাধিক ব্যবসায়ীরা জানান, প্রায় প্রতিদিনই এ স্থানে গরু জবাই করেছে কসাইরা। ইটের রাস্তার পাশে জমে থাকা রক্ত ও অন্যান্য বর্জ্যের দুর্গন্ধে বাজারে আসা পথচারী ও ব্যবসায়ীরা দুর্ভোগ পোহাতে হচ্ছে । আর এই জনদুর্ভোগ লাঘবের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তারা।
মাংস বিক্রেতা বাবুল হোসেন বলেন, পশু জবাই করার জন্য পৌরসভা থেকে যে ভবন নির্মাণ করা হয়েছে সেখানে কোন রিক্সা বা ভ্যান গাড়ি প্রবেশ করতে পারে না। এটি নির্মাণ করার পর থেকেই বাজারের এক ভাসমান মহিলার দখলে রয়েছে। পশুর মাংস পরিবহনে সমস্যা হয় বিধায় বাধ্য হয়েই রাস্তার উপর জবাই করতে হয়।
