
মোঃ নাজমুল হক, মতলব চাঁদপুর প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপি নেতা আজহারুল হক মুকুলের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ৫ শতাধিক দরিদ্র ও দুঃস্থ রোগীর চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার ফরাজীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন বিভাগের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন এই ক্যাম্পে। ক্যাম্পের উদ্বোধন করেন পৃষ্ঠপোষক ও চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল।
সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গনি তপাদার। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইয়াছিন মোল্লা ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল এহসান ফেরদৌস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, এখলাশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুয়েল পাটোয়ারী, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নান্নু গাজী, ফরাজীকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন রনি, দেওয়ান জাকির হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
গ্রামের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে আয়োজকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
