
চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী এবং কিশোর গ্যাং নেতা হিসেবে পরিচিত ওয়াকিল হোসেন বগাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৮ অক্টোবর) চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালতে এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়। আদালত অস্ত্র মামলায় তার জামিন মঞ্জুর করলেও চাঁদাবাজির মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী এস এম মনিরুল ইসলাম জানান, খুলশী থানায় দায়ের করা চাঁদাবাজি ও অস্ত্র মামলায় ওয়াকিল হোসেন বগা জামিনের আবেদন করেছিলেন। শুনানি শেষে অস্ত্র মামলায় জামিন পেলেও চাঁদাবাজির মামলায় জামিন না পাওয়ায় তাকে জেলহাজতে যেতে হচ্ছে। বর্তমানে তার বিরুদ্ধে অন্য কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই বলেও তিনি উল্লেখ করেন।
ওয়াকিলের বিরুদ্ধে প্লট দখল, চাঁদাবাজি ও অপহরণের অভিযোগে গত ৬ অক্টোবর শেখ মুহাম্মদ আরিফ নামের এক ব্যক্তি খুলশী থানায় একটি মামলা করেন। মামলায় ওয়াকিল হোসেন বগাসহ ৩৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। বাদীর অভিযোগে বলা হয়, ১১ ফেব্রুয়ারি ও ২৫ এপ্রিল তাকে অপহরণ করে বগার আস্তানায় নিয়ে চাঁদাবাজি করা হয়েছিল।
এর আগে গত ৬ অক্টোবর সিটি করপোরেশনের নগর ভবনে ওয়াকিলের অবস্থানের খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তারের উদ্যোগ নিয়েছিল, তবে সেখানে তাকে পাওয়া যায়নি। পুলিশের এই অভিযান নিয়ে সে সময় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। এঘটনা নিয়ে দেশ জুড়ে ব্যাপক আলোড়ন সৃস্টি হয়।
