
সমির ভট্টাচার্য্যঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কাশিমপুর এলাকার ভূঁইয়া বাড়িতে দখল হয়ে যাওয়া জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তিতে অবৈধ দখলদারদের নোটিশ দিয়ে উঠে যেতে বললেও তারা শোনেনি। আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ৯ টা থেকে এ অভিযান কার্যক্রম শুরু করা হয়। জেলা জজ আদালতের নায়েব নাজির গাফফার খান নাদিমের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
তবে অভিযানের সময় ওই জমির মালিক দাবি করে হাবিব উল্লাহ ভূঁইয়া বলেন, আদালতে জমির মালিকানা–সংক্রান্ত ও বিএস খতিয়ান সংশোধনের মামলা চলছে। এ জন্য তাঁরা উচ্ছেদ অভিযানে বাধা দিয়ে সময় চান। এ সময় জেলা জজ আদালতের নায়েব নাজির গাফফার খান নাদিম জানান, আদালতের আদেশক্রমেই উচ্ছেদ অভিযান পরিচালনা করছি।
এর পর দ্বিতলা একটি ভবন আংশিক গুড়িয়ে দেয়ার মাধ্যমে স্থাপনা ভাঙা শুরু করা হয়। একটি এস্কেভেটর দিয়ে পাকা ভবন গুড়িয়ে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন জারিকারক মোঃ মিজানুর রহমান, সিভিল কোট কমিশনার আলমগীর হোসেন, ইব্রাহিম খলিল সরকার, এএসপি কচুয়া সার্কেল মোঃ আবুল কামাল চৌধুরী, মতলব দক্ষিণ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, ওসি তদন্ত হারুন অর রশিদ প্রমুখ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাঁদপুর পুলিশ লাইন্স, মতলব উত্তর থানা ও মতলব দক্ষিণ থানা পুলিশের কয়েকটি দল উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন।
জেলা জজ আদালতের নায়েব নাজির গাফফার খান নাদিম বলেন, মতলব দক্ষিণ উপজেলার ১৯৯নং কাশিমপুর মৌজায় কয়েকটি দাগে ১৫ শতাংশ জমি দখলে হয়ে আছে। এগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে। দুপুর ১টার দিকে কাশিমপুর এলাকায় গিয়ে দেখা যায় উচ্ছেদের জন্য আনা এস্কেভেটরের সামনে অর্ধশতাধিক লোকজন এই উচ্ছেদ অভিযানে বাধা প্রদান করে। হাবিব উল্লাহ ভূঁইয়ার স্ত্রীসহ কয়েকজন বসে আহাজারি করছেন।
