
সমির ভট্টাচার্য্যঃ
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে অভিযান চালিয়ে রাস্তার দুই পাশে উন্মুক্ত অবস্থায় বালু রেখে পরিবেশ দূষণ, পথচারীদের ভোগান্তি সৃষ্টি, নির্মাণ সামগ্রী অনাবৃতভাবে পরিবহন ও বালু দিয়ে খাল ভরাট করায় সাত বালু ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২৫ আগষ্ট বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণপুর বাজারে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়া। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মোঃ হান্নান, নারায়ণপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হুমায়ূন কবির, ও নায়েরগাঁও ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, মতলব দক্ষিণ থানা এএসআই হেলাল ও সঙ্গীয় ফোর্স।
জানা যায়, উপজেলার নারায়ণপুর বাজার ঘিরে দীর্ঘ দিন ধরে সড়কের পাশে বালু রেখে ব্যবসা করে আসছিল স্থানীয় প্রভাবশালীরা। এতে সড়ক দিয়ে চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হত সাধারণ মানুষকে। বৃহস্পতিবার দুপুরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধ বালু ব্যবসায়ী মজিবুর রহমানকে ২০ হাজার টাকা, নাছির উদ্দিনকে ১০ হাজার টাকা, ফজলুল করিম সেলিমকে ১০ হাজার টাকা, রোকন মিজিকে ১০ হাজার টাকা, মো. শামিমকে ৫ হাজার টাকা, কামরুল হাসানকে ৫ হাজার টাকা ও লোকমানকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়া বলেন, সাত ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
