
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বলাকা ভবনের (হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন) টিকিট বিক্রয় বুথে কারিগরি জটিলতা দেখা দিয়েছে। এর ফলে যাত্রীদের ভোগান্তি কমাতে পুনরায় আশকোনা হজ ক্যাম্পের টিকিট বিক্রয় কাউন্টার চালু করা হয়েছে। আজ বুধবার থেকে এই কাউন্টারে সেবা কার্যক্রম শুরু হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, এখন থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কাউন্টারে টিকিট সংক্রান্ত সেবা পাওয়া যাবে। বলাকা ভবনের বিক্রয় বুথে কারিগরি সমস্যা থাকায় যাত্রীদের টিকিট ইস্যু করার জন্য আশকোনা হজ ক্যাম্পের পাশাপাশি মতিঝিল বিক্রয়কেন্দ্রেও যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী কোনো নির্দেশনা থাকলে তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
