
আজ ২৫ অক্টোবর, ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন। ১৯৯৫ সালের এই দিনে ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে তার জন্ম হয়। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র সন্তান। তার দাদা প্রয়াত রাষ্ট্রপতি ও বীর উত্তম জিয়াউর রহমান এবং দাদি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এছাড়াও তার নানা মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন নৌবাহিনীর সাবেক প্রধান। জাইমা রহমানের বেড়ে ওঠা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রভাবশালী এক পরিবারে। পারিবারিক এই ঐতিহ্য ও রাজনৈতিক আবহের মধ্যে বড় হলেও জাইমা রহমান নিজের পথটি বেছে নিয়েছেন আইন ও জনসেবার অঙ্গনে।
শৈশবের একটি সময় তিনি ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের ৬ নম্বর বাড়িতে অতিবাহিত করেন। পরবর্তীতে ২০০৮ সালে বাবা তারেক রহমানের কারামুক্তির পর তিনি বাবার সঙ্গে লন্ডনে পাড়ি জমান। দীর্ঘ সময় বিদেশে উচ্চশিক্ষার পর ২০১৯ সালে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ‘ইনার টেম্পল’ থেকে তিনি বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। তার বাবা তারেক রহমান গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি বাবার সঙ্গে ২০০৮ সালে লন্ডনে চলে যান। জাইমা যুক্তরাজ্যের ‘কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন’ থেকে আইনে স্নাতক (এলএলবি) সম্পন্ন করেন।
রাজনীতি ও আইনের দীর্ঘ পথ পরিক্রমায় ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর, ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি মা-বাবার সঙ্গে দেশে ফিরে আসেন। এরপর দেশের আইনি কাঠামোর সঙ্গে নিজেকে যুক্ত করতে ২০২৬ সালের জুন মাসে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষায় উত্তীর্ণ হন। তার ক্যারিয়ারের নতুন এক ধাপে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক আইনি বিষয়াবলি অত্যন্ত দক্ষতার সঙ্গে তদারকি করছেন।
