
সংযুক্ত আরব আমিরাতের ফ্ল্যাগ ক্যারিয়ার এমিরেটস তাদের আনুগত্য কর্মসূচি ‘এমিরেটস স্কাইওয়ার্ডস’-এর আওতায় ভ্রমণকারীদের জন্য বিশেষ বোনাস মাইলের অফার চালু করেছে। নতুন এই প্রচারাভিযানের মাধ্যমে যোগ্য যাত্রীরা দুবাইয়ে অবস্থানের প্রতি মিনিটের বিনিময়ে একটি করে বোনাস মাইল অর্জন করতে পারবেন। এই প্রক্রিয়ায় একজন সদস্য সর্বোচ্চ ৭ হাজার ২০০ বোনাস মাইল পাওয়ার সুযোগ পাবেন।
এমিরেটস ও ফ্লাইদুবাইয়ের নির্দিষ্ট কিছু ফ্লাইটের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে। এ জন্য বিমান টিকিটে উল্লিখিত আগমন ও প্রস্থানের সময় বিবেচনা করে দুবাইয়ে অবস্থানের মোট সময় হিসাব করা হবে। কোনো যাত্রী দুবাইয়ে ২৪ ঘণ্টা অবস্থান করলে ১ হাজার ৪৪০ মাইল, দুই দিনে ২ হাজার ৮৮০ মাইল এবং টানা পাঁচ দিন থাকলে সর্বোচ্চ ৭ হাজার ২০০ মাইল পাবেন। তবে অবস্থানের মেয়াদ পাঁচ দিনের বেশি হলেও বোনাস মাইলের পরিমাণ আর বাড়বে না।
গত ২১ অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রচারাভিযান চলবে ২০২৬ সালের ১৩ ডিসেম্বর পর্যন্ত। বোনাস মাইল পাওয়ার জন্য ভ্রমণকারীদের অবশ্যই ২১ অক্টোবর থেকে ৫ নভেম্বরের মধ্যে নিবন্ধন শেষ করে এমিরেটসের নিজস্ব ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে ফিরতি টিকিট বুক করতে হবে।
তবে এই সুবিধা পেতে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। যাত্রীদের অবশ্যই সংযুক্ত আরব আমিরাতের বাহিরের কোনো দেশ থেকে সফর শুরু করতে হবে এবং দুবাইয়ে অন্তত ২৪ ঘণ্টা অবস্থান করতে হবে। একমুখী টিকিট, পুরস্কার মাইল দিয়ে কেনা টিকিট এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ইস্যু করা টিকিট এই অফারের আওতায় আসবে না। পাশাপাশি স্কাইওয়ার্ডস অ্যাকাউন্টে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা হিসেবে নিবন্ধিত সদস্যরাও এ সুবিধার বাইরে থাকবেন।
যাত্রীরা এই অর্জিত মাইল ব্যবহার করে শর্তসাপেক্ষে এমিরেটসের টিকিট ক্রয় কিংবা উড্ডয়ন শ্রেণি উন্নীত বা আপগ্রেড করতে পারবেন। তবে আসন খালি থাকা এবং প্রয়োজনীয় মাইলের নিয়মাবলী সাপেক্ষে অতিরিক্ত চার্জ প্রযোজ্য হতে পারে। মূলত আন্তর্জাতিক ভ্রমণকারীদের দুবাইয়ে অবস্থানকে আরও আকর্ষণীয় করতেই এমিরেটস এই উদ্যোগ নিয়েছে। অফারটি গ্রহণের আগে নিবন্ধন ও টিকিটের যাবতীয় শর্তাবলী ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে এয়ারলাইনটি।
