
বিএনপি সরকার গণঅভ্যুত্থানের মূল চেতনার পরিপন্থী এবং তারা আওয়ামী লীগের সাথে গোপনে সমঝোতা করে চলছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ২৪ অক্টোবর শনিবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালনকালে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, গণভোটকে সরাসরি অস্বীকার করে সরকার শহীদদের রক্তের সঙ্গে প্রতারণা করেছে। তিনি আরও দাবি করেন, তারেক রহমান ও শেখ হাসিনার মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। তার অভিযোগ, বর্তমান সরকার শেখ হাসিনার মতোই অবৈধভাবে ক্ষমতায় টিকে আছে এবং দেশকে মাফিয়াদের হাতে তুলে দিয়েছে। দেশের নিরাপত্তা রক্ষায় এই প্রশাসন পুরোপুরি ব্যর্থ বলেও তিনি মন্তব্য করেন।
কর্মসূচি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অন্য মন্ত্রণালয়ের বিষয়ে কথা বলার সময় পেলেও নিজের মন্ত্রণালয় নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। একই সঙ্গে জ্বালানি খাতের অব্যবস্থাপনা ও ব্যর্থতার দায় স্বীকার করে জ্বালানিমন্ত্রীরও পদত্যাগ দাবি করেন তিনি। সরকার ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করলেও নিত্যপণ্যের আকাশচুম্বী দাম ও সারের সংকট নিরসনে কোনো কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলে অভিযোগ করেন তিনি।
