
শীতকালীন ছুটির মৌসুমকে কেন্দ্র করে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের হার বাড়ছে। বছর শেষের ভ্রমণ চাহিদা মেটাতে বিশ্বের বিভিন্ন দেশের বিমান সংস্থাগুলো তাদের স্থগিত থাকা রুটগুলোতে আবারও ফ্লাইট পরিচালনা শুরু করেছে। দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ গন্তব্যের সঙ্গে যোগাযোগ আরও সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অক্টোবরের শেষভাগ থেকে ডিসেম্বর পর্যন্ত ইউরোপের সঙ্গে দুবাইয়ের রুটে সপ্তাহে সর্বোচ্চ ৩৬টি ফ্লাইট পুনরায় চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ইউরোপীয় গন্তব্যগুলোর মধ্যে জার্মানির লুফথানসা ২৫ অক্টোবর থেকে দুবাই-মিউনিখ এবং ২৬ অক্টোবর থেকে দুবাই-ফ্রাঙ্কফুর্ট রুটে ফ্লাইট চালু করছে। সুইজারল্যান্ডের সুইস এয়ারলাইনস ২৭ অক্টোবর থেকে জুরিখ রুটে দৈনিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে। এছাড়া ইউরোউইংস ১ নভেম্বর থেকে বার্লিন, স্টুটগার্ট ও কোলন-বন রুটে এবং অস্ট্রিয়ান এয়ারলাইনস ১২ ডিসেম্বর থেকে ভিয়েনা রুটে ফ্লাইট ফের চালু করবে। গ্রিসের এজিয়ান এয়ারলাইনস ২৩ অক্টোবর থেকে এথেন্স-দুবাই রুটে সেবা শুরু করেছে এবং ২৬ অক্টোবর থেকে দৈনিক ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে।
এশিয়ান রুটেও বিমান চলাচলের পরিসর বিস্তৃত হচ্ছে। ফিলিপাইন এয়ারলাইনস ২১ অক্টোবর থেকে পুনরায় কার্যক্রম শুরু করেছে এবং বর্তমানে সেবু প্যাসিফিক ও ফিলিপাইন এয়ারলাইনস উভয়ই দুবাই-ম্যানিলা রুটে সপ্তাহে চারটি করে ফ্লাইট পরিচালনা করছে। এয়ার আস্তানা দুবাই-আলমাটি রুটে বিমান যোগাযোগ পুনরায় চালু করেছে। পাশাপাশি সৌদি আরবের রিয়াদ এয়ার ২০ জুন থেকে বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজ দিয়ে দৈনিক ফ্লাইট এবং তুর্কিশ এয়ারলাইনস ১১ জুন থেকে দুবাই-ইস্তাম্বুল রুটে দৈনিক সরাসরি ফ্লাইট পুনরায় চালু করেছে।
বর্তমানে এমিরেটস ও ফ্লাইদুবাইয়ের বাইরে ৪০টিরও বেশি বিমান সংস্থা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করছে, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ইউএস-বাংলা এয়ারলাইনস অন্তর্ভুক্ত। তবে সব রুটে এখনো স্বাভাবিক অবস্থা ফেরেনি; এয়ার ফ্রান্সের ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত এবং কেএলএমের ফ্লাইট ২৪ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের স্কুলগুলোর শীতকালীন ছুটি আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২৭ সালের ৩ জানুয়ারি পর্যন্ত চলবে। আগামী ৪ জানুয়ারি নতুন বছরের ক্লাস শুরুর কথা রয়েছে। এই সময়কে ঘিরে ভ্রমণ চাহিদা বাড়ার সম্ভাবনা থাকায় বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে ফ্লাইটের সর্বশেষ তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে।
