
মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতাঃ
মতলবে স্কুল ছাত্রীর সাথে ইভটিজিং করার প্রতিবাদ করায় বড় ভাইদেরকে মারধর করেছে ইভটিজার ও তাঁর সহযোগীরা। এ ঘটনাটি আজ ১ জানুয়ারি শনিবার মতলব দক্ষিন উপজেলার হুরমহিশা গ্রামে ঘটেছে।
সরেজমিনে জানা যায়, উপজেলার খাদেরগা্ও ইউনিয়নের হুরমহিশা গ্রামের আবু জাহেরের মেয়ে পুটিয়া তাফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী। স্কুলে যাওয়া আসার সময় প্রতিদিন উত্তোক্ত করতো এলাকার সাগর মিয়াজীর ছেলে জিসান। এ বিষয়টি স্থানীয় ইউপি সদস্য হবু মিয়াকে জানালে তিনি গত ৩১ ডিসেম্বর তাদেরকে ডেকে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটায় তাদেরকে সতর্ক করে দেন ।
এ ঘটনার জের ধরে পরদিন ১ জানুয়ারি সকালে ছাত্রীর ভাই মেহেদী হাসানকে পুটিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের সামনে একা পেয়ে মারধর করে একই গ্রামের সাগর মিয়াজীর ছেলে জিসান (১৯), রফিক জামাদ্দারের ছেলে মেহেদী (১৮), তাফাজ্জল জামাদ্দরের ছেলে আলামিন (১৮), আলমগীর মিয়াজীর ছেলে রাকিব ও মাহবুবসহ ১০ – ১২ জন। খবর পেয়ে তার অপর দুই ভাই হারিস ও ডালিম তাকে বাঁচাতে এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে তারা ।
এ বিষয়ে এলাকাবাসী বলেন, জিসান ও তার সহযোগীরা রাস্তায় দাঁড়িয়ে স্কুল শুরু ও ছুটির পরে দলবল নিয়ে ইভটিজিং করে । তাদের ভয়ে কেউ কিছু বলতে সাহস পায় না ।
এদিকে আহতরা এলাকায় প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছে।এ ঘটনায় ছাত্রীর পিতা আবু জাহের বাদী হয়ে মতলব দক্ষিন থানায় একটি লিখিত অভিযোগ করেন ।
ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান হবু বলেন, আমি তাদেরকে ডেকে সতর্ক করেছিলাম। কিন্তু তারা আমার কথা শুনেনি ।
তাফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জাহাঙ্গীর ঢালী বলেন,
তাদের বিরুদ্ধে এমন অনেক অভিযোগের কথা শুনেছি কিন্তুু কেউ লিখিত অভিযোগ করেনি ।
মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা নেওয়া হবে ।
