
সমীর ভট্টাচার্যঃ মতলব পৌরসভার ১নং ওয়ার্ডের দক্ষিণ বাইশপুর (দাসপাড়া) গ্রামের ব্যবসায়ী রাধু দাস নিখোঁজ হওয়ার চার দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি নিন্টু দাসের ছেলে। তার পরিবারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৪ মে বৃহস্পতিবার সকাল আনুমানিক ৬টার দিকে মতলব শ্রীশ্রী জগন্নাথ মন্দিরের সামনে অবস্থিত নিজ হোটেল ব্যবসার উদ্দেশ্যে বাসা থেকে বের হন রাধু দাস। বের হওয়ার সময় তিনি নিজের মোবাইল ফোন ও দোকানের চাবি বাসায় রেখে যান। পরে সকাল ৬টা ১৫ মিনিটের দিকে তাকে মতলব টোল প্লাজার দিকে হেঁটে যেতে দেখা গেছে। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরিবারের সদস্যরা জানান, আত্মীয়-স্বজন ও পরিচিত বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় রাধু দাসের স্ত্রী মতলব দক্ষিণ থানা-এ একটি নিখোঁজ ডায়েরি করেছেন।
রাধু দাসের অসুস্থ পিতা নিন্টু দাস বলেন, “প্রতিদিনের মতো রাতে বাড়িতে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে রাধু। সকালে কাউকে কিছু না বলেই কোথায় যেন চলে গেছে। তাকে না পেয়ে আমরা খুব দুশ্চিন্তা ও আতঙ্কের মধ্যে আছি।”
রাধু দাসের ছোট ভাই রাজন দাস সকলের সহযোগিতা কামনা করে বলেন, কোথাও তার সন্ধান পাওয়া গেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
📞 যোগাযোগঃ ০১৬২৯-৪৯৯৯১২
এ বিষয়ে মতলব দক্ষিণ থানা-এর অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক বলেন, “ঘটনায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
