
সমির ভট্রাচার্য্য :
মতলব দক্ষিণ উপজেলায় জমে উঠেছে কোরবানির গরু-ছাগলের হাট । গৃহস্থের পালিত মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। তবে দাম ছাড়ছেন না বিক্রেতারা। এতে অনেক ক্রেতাই কিনতে পারছেন না তাঁদের প্রত্যাশিত কোরাবনির গরু। আজ ১৪ জুন শুক্রবার উপজেলার নবকলস, পানির ট্যাংক ও ধনারপাড় বহরী, নায়েেরগাঁও, পেয়ারী খলা, নারায়নপুর, পয়ালী,মুন্সিরহাট এলাকার গরু-ছাগলের হাটে গিয়ে এ চিত্র দেখা গেছে।
নবকলস, পানির ট্যাংক ও ধনারপাড় এলাকার গরু-ছাগলের হাটে দেখ যায়, সেখানে পর্যাপ্ত গরু-ছাগল উঠেছে। বিক্রেতারা সেগুলো সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ক্রেতাদের সঙ্গে দরদাম করছেন। হাটে মাঝারি আকারের গরু বেশি। বড় আকারের গরু তেমন একটা দেখা যায়নি। অধিকাংশ ক্রেতার চোখ গৃহস্থের পালিত গরুর দিকে। স্বাস্থ্যগত ঝুঁকি এড়াতে তাঁরা গৃহস্থের গরুতেই আস্থা রাখছেন। এসব বাজারে গৃহস্থের পালিত গরুও এসেছে মোটামুটি পর্যাপ্ত। তবে দাম বেশি থাকায় বেচাবিক্রি জমেনি এখনো। অধিক লাভের আশায় দাম ছাড়ছেন না বিক্রেতারা। এজন্য অধিকাংশ ক্রেতা শুধু মুলামুলি করেই চলে যাচ্ছেন। ক্রেতারা চাচ্ছেন, দাম কমলে গরু কিনবেন। তবে কিছু ক্রেতাকে বেশি দামেই গরু কিনতে দেখা গেছে।
মুন্সিরহাট এলাকার গরু বিক্রেতা মো. নুরুল ইসলাম বলেন, এবারের কোরবানির হাটে বিক্রির জন্য আজ ধনারপাড় এলাকার হাটে মাঝারি আকারের পাঁচটি গরু এনেছেন। গত দুবছর ধরে এসব গরু বাড়িতে পালন করছেন। এক লাখ ২০ হাজার টাকা করে দুটি গরু বিক্রি করেছেন। বাকিগুলোর দরদাম চলছে। ন্যায্য দাম না পেলে আজ বিক্রি করবেন না। অপেক্ষা করবেন। অধিকাংশ ক্রেতাই গৃহস্থের গরুর খোঁজ নিচ্ছেন। নানা কারণে মোটাতাজা বড় গরুতে তাঁদের আগ্রহ কম।
উপাদী এলাকার গরু বিক্রেতা খোরশেদ আলম বলেন, নবকলস পশুর হাটে বিক্রির জন্য আজ ১০টি গরু এনেছেন। তিনটি বিক্রি করেছেন। হাটে প্রতিটি বড় আকারের গরু দেড় থেকে তিন লাখ টাকায়, মাঝারি আকারের গরু এক লাখ থেকে দেড় লাখ টাকায় এবং ছোট আকারের গরু ৭০ থেকে ৯০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। তবে বেচাবিক্রি কম। এতে কিছুটা হতাশ।
উপজেলার কলাদী এলাকার মো. শাহ আলম ও মো. রিয়াদ বলেন, গরু কিনতে আজ নবকলস এলাকার হাটে এসেছেন। গৃহস্থের গরু কিনবেন। মোটাতাজা গরু কিনবেন না। এগুলো কৃত্রিম উপায়ে ওষুধ খাইয়ে মোটাতাজা করা হয়। স্বাস্থ্যগত ঝুঁকি এড়াতেই গৃহস্থের গরুতে চোখ রাখছেন। তাঁরা অভিযোগ করে বলেন, সুযোগ বুঝে বিক্রেতারা দাম ছাড়ছেন না। বেশি দাম হাঁকাচ্ছেন। এতে গরু কিনতে পারছেন না। তবে ঈদ ঘনিয়ে এলে দাম কমবে বলে আশায় আছেন। তখন কিনবেন।
ক্যাপশন : মতলব দক্ষিনে জমে উঠেছে কোরবানীর গরু ছাগলের হাট।
