
মতলব প্রতিনিধি :
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ নুরুল আমিন রুহুল বলেছেন, ঐতিহ্যবাহী আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের জন্য অচিরেই আরেকটি নতুন ভবন করা হবে। এজন্য সকল প্রকারের প্রস্তুতি চলছে। আশ্বিনপুরের মাটি অত্যন্ত উর্বর। এ এলাকার শিক্ষা, ক্রীড়া ও সকল ক্ষেত্রে সুনাম রয়েছে। এ সুনাম আমাদের ধরে রাখতে হবে। তিনি আরো বলেন, আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো আশ্বিনপুর স্কুলকে কলেজে উন্নীত করা। আজকে এ কলেজ থেকে প্রথমবারের মতো ৩৮জন পরীক্ষার্থী এ বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এ সাফল্য এলাকাবাসীর। আমি পরীক্ষার্থীদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে আগামীতে শিক্ষার্থীদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এজন্য স্কুল এন্ড কলেজের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন থাকতে হবে। তাহলেই এলাকার শিক্ষার পরিবেশ অব্যাহত থাকবে।
গত ৪ নভেম্বর সকাল ১০টায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রথম ব্যাচের এইচএসসি পরীক্ষার্থী ২০২২ বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি মোঃ মাসুদ রানা পাটওয়ারীর সভাপতিত্বে ও প্রভাষক আশরাফুল জাহান শাওলিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার রেনু দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, বিআরডিবির চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম মামুন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চাঁন মিয়া তালুকদার, সমাজসেবক ডাঃ ওমর ফারুক কোকিল, কলেজের শিক্ষানুরাগী সদস্য সায়েদুল আরেফিন শ্যামল সহ কলেজের বিদায়ী শিক্ষার্থীবৃন্দ। শুভেচ্ছা বক্তব্য রাখেন আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান। প্রধান অতিথির উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন শিক্ষক মো. কাউসার আহমেদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন মতলব পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার সরকার লিখন, ১নং ওয়ার্ড কাউন্সিলর আবুল বাশার পারভেজ মিয়াজী, মতলব দক্ষিণ উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার আলম পান্না সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে শৃঙ্খলা ও তাবারক বিতরণের দায়িত্বে ছিলেন শিক্ষক কে.এম ফয়জুল আলম, খোরশেদ আলম, মোজাম্মেল হক, মুসলিমা খাতুন, সাবিনা ইয়াসমিন, হারুনুর রশিদ, আব্দুল্লাহ আল মামুন, মফিজুল ইসলাম, সোহেল মিয়া, রেজাউল করিম, ওজাহের ইসলাম, এমদাদুল হক প্রমুখ।
