
শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাগবাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে মহাদেব দাস (৩০) নামের এক ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মহাদেব দাস কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৬ মে ২০২৫ তারিখ বিকাল সাড়ে ৪টার দিকে মহাদেব দাসের ছোট ভাই বসুদেব দাস (২৫) তার বসতভিটায় ঘর নির্মাণের কাজ করছিলেন। এ সময় প্রতিবেশী গৌরপদ দাস (৬০), তার ছেলে লক্ষ্মীপদ দাস (৩৬) ও পুত্রবধূ ঝর্ণা দাস (২৮) এসে ঘর নির্মাণে বাধা দেন। তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং সদ্য নির্মিত ঘর লাথি মেরে ভেঙে ফেলেন।ঘটনার প্রতিবাদ করলে মহাদেব দাসের স্ত্রী মাধবী লতা (২৪), বোন সাথি আছারি (২৮), পিতা নিরাপদ দাস (৬৮) ও ছোট ভাইয়ের স্ত্রী লক্ষ্মী দাসী (২২) এর ওপর হামলা চালানো হয়। অভিযোগে উল্লেখ করা হয়, ২ নম্বর বিবাদী লক্ষ্মীপদ দাস লোহার হামানদিস্তা দিয়ে মাধবী লতার মাথায় আঘাত করেন, ফলে তিনি রক্তাক্ত জখম হন। পরে ১ ও ৩ নম্বর বিবাদী মাধবী লতার বুকের ওপর উঠে গলায় পা দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন।
আহতদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করেন এবং কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মাধবী লতা হাসপাতালে ভর্তি রয়েছেন, অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান সাংবাদিকদের জানান অভিযোগ হাতে পেয়েছি তদন্তমূলক ব্যবস্থা করা হবে।
