
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে যাত্রীদের ধর্মীয় বিধিবিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রদান এবং নির্বিঘ্ন সফর নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামে একটি প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সাইফা ট্রাভেলস এন্ড ট্যুরস আয়োজিত এই অনুষ্ঠানে ওমরাহযাত্রীদের সফরের প্রয়োজনীয় দিকনির্দেশনা, নিয়মকানুন এবং সফরকালীন করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গহিরা এফকে জামিউল উলুম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম। তিনিসহ আমন্ত্রিত বক্তারা বলেন, পবিত্র ওমরাহ সঠিকভাবে সম্পন্ন করার জন্য ধর্মীয় নিয়মকানুন ও বিধিবিধানের ওপর স্পষ্ট জ্ঞান থাকা একান্ত জরুরি। এ ছাড়া সফরের আগে যথাযথ মানসিক ও শারীরিক প্রস্তুতি গ্রহণ এবং পবিত্র ভূমিতে নিয়ম মেনে ইবাদত করার ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণ পর্বে হজ কাফেলার মুয়াল্লিম হাফেজ মাওলানা নুরুল মোস্তাফা যাত্রীদের সফরের খুঁটিনাটি ও প্রস্তুতিমূলক পরামর্শ দেন। এ সময় সাইফা ট্রাভেলস এন্ড ট্যুরসের চেয়ারম্যান মহিউদ্দিন সোহেল যাত্রীদের হাতে প্রয়োজনীয় পাসপোর্ট, ভিসার কপি, লাগেজ ট্যাগ এবং জরুরি যোগাযোগের নম্বরপত্র তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি মাওলানা মিজানুর রহমান আল কাদেরী, মাওলানা নেজাম উদ্দিন নেজামী, মাওলানা মাহমুদুল ইসলাম, মাওলানা সৈয়দ আহমদ আল কাদেরী এবং হাফেজ মাওলানা শাকের রেজা কাদেরীসহ অন্যান্য আমন্ত্রিত আলেম ও ওমরাহযাত্রীবৃন্দ।
কর্মশালার পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ওমরাহযাত্রীদের ভ্রমণ যাতে নিরাপদ, নির্বিঘ্ন ও সুন্দরভাবে সম্পন্ন হয় এবং তাদের পবিত্র ওমরাহ যেন কবুল হয়, সে লক্ষ্যে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। এতে মাওলানা শাহেদুল আলম, মাওলানা মাহমুদুল ইসলাম, মাওলানা সৈয়দ আহমদ, মাওলানা আসহাব উদ্দিন ও মাওলানা এনামুল কারীম কাদেরীসহ অনেকে অংশগ্রহণ করেন।
