
মতলব প্রতিনিধি: ‘মাস্ক পরার অভ্যাস, কোভিড মুক্ত বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের উদ্যোগে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচীর অংশ হিসেবে মাস্ক বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ পুলিশের উদ্যোগে এবং চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদের নির্দেশনায় মতলব দক্ষিণ থানা পুলিশের আয়োজনে সোমবার (২২ মার্চ) বেলা ১২টার উদ্বুদ্ধকরণ কর্মসূচীর অংশ হিসেবে সচেতনতামূলক প্রচারণা এবং পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে উপজেলার নারায়ণপুর বাজার ও মুন্সিরহাট বাজার এলাকায় প্রায় ৩ শতাধিক পথচারীর মাঝে এ মাস্ক বিতরণ করা হয়।
এসময় মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, এসআই হাবিব, রুহুল আমিন, মো. আউয়াল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম, মতলব প্রেসক্লাবের সদস্য আবু সায়েম মাস্টার, সমির ভট্রাচার্য্য, সাংবাদিক মোজাম্মেল প্রধান হাসিবসহ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
