
মতলব দক্ষিণ উপজেলায় ডিঙ্গাভাঙ্গা গ্রামের অটোরিকশাচালক মহিন মিয়াজী (১৭) হত্যাকান্ডের ঘটনায় করা মামলার প্রধান আসামি ও হত্যাকান্ডের প্রধান পরিকল্পনকারী (মাস্টারমাইন্ড) মো. সুজনকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে কুমিল্লার দাউদকান্দি উপজেলার কাউয়াদি গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ওই অভিযান পরিচালনা করেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহম্মেদ। থানা ও পরিবার সূত্র জানায়, গত ৩০ নভেম্বর রাতে খাদেরগাঁও এলাকায় ওই অটোচালককে শ^াসরোধ করে হত্যা করে তার মরদেহ একটি খালের কচুরিপানার নিচে রেখে যায় দুর্বৃত্তরা। হত্যার পর ওই চালকের অটোরিকশার ৪টি ব্যাটারি নিয়ে যায় তারা। গত পয়লা ডিসেম্বর সেখান থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত অটোরিকশাচালকের বাবা মো. নাসির মিয়াজী বাদী হয়ে ৪ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। থানার ওসি মো. সালেহ আহম্মেদ বলেন, কয়েকদিন আগে ওই হত্যা মামলার আসামি মো. রাব্বি, মো. জসিম ও মো. ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। আজ গ্রেপ্তার হওয়া মো. সুজনসহ অপরাপর ওই তিন আসামিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
