
নেত্রকোণার মদন উপজেলায় ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠ সফল যুব উদ্যোক্তার সম্মাননা অর্জন করেছেন তরুণ আলেম মো. আমিনুল ইসলাম। রোববার সকালে মদন উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এ স্বীকৃতি স্মারক তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচির প্রতিপাদ্য ছিল—‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’৷
অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য মো. লুৎফুজ্জামান বাবর। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. কাদেরের সভাপতিত্বে এতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। আমিনুল ইসলামের এই কৃতিত্বের ভূয়সী প্রশংসা করেন সংশ্লিষ্টরা। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার মতে, একজন আলেম হয়েও কৃষি ক্ষেত্রে আমিনুলের সাহসী ও উদ্ভাবনী উদ্যোগ এবং শিক্ষাক্ষেত্রে তার অবদান তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে, যা স্থানীয় বেকার যুবকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে।
পেশাগত জীবনে আমিনুল ইসলাম রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের দারুল আজহার মডেল মাদ্রাসার একজন সিনিয়র শিক্ষক। শিক্ষকতার মতো মহৎ পেশার পাশাপাশি তিনি নিজেকে কৃষিনির্ভর কর্মমুখী উদ্যোগে নিয়োজিত রেখেছেন। বর্তমানে তিনি ‘নাজাহ্ হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি’র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এই খামারটি সফলভাবে পরিচালনার মাধ্যমে তিনি স্থানীয় পর্যায়ে আত্মকর্মসংস্থানের একটি নতুন পথ তৈরি করেছেন, যা যুব সমাজের জন্য অনুপ্রেরণাদায়ক।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় মো. আমিনুল ইসলাম বলেন, এই অর্জন কেবল আমার একার নয়, বরং মদনের সকল পরিশ্রমী যুবকের সাফল্যের প্রতিফলন। আলেম সমাজও যে নিজেদের কর্মমুখী উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম, তিনি সেটিই প্রমাণ করতে চেয়েছেন। এই স্বীকৃতি তাকে আগামী দিনে তরুণদের নিয়ে আরও বড় পরিসরে কাজ করতে উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
