• প্রচ্ছদ
  • জাতীয়
  • প্রথম জাপান সফরে তারেক রহমান
  • প্রথম জাপান সফরে তারেক রহমান

    প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাপান সফরে যাচ্ছেন তারেক রহমান। আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর অনুষ্ঠেয় এই চার দিনের সফরে ঢাকা ও টোকিওর মধ্যকার সম্পর্ক আরও গভীর করার পরিকল্পনা রয়েছে সরকারের। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এই রাষ্ট্রীয় সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম সফরের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এ সময় পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ. কে. এম শহীদুল করিম ও রাষ্ট্রাচার প্রধান এ. এফ. এম. জাহিদ-উল-ইসলাম উপস্থিত ছিলেন।

    সফরের দ্বিতীয় দিন, অর্থাৎ ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকারপ্রধানের নেতৃত্বে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক হবে। এরপর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তারেক রহমানের সম্মানে এক ভোজসভার আয়োজন করবেন। সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে টোকিও রওনা হবে।

    পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানান, দ্বিপক্ষীয় আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ কর্মী পাঠানো এবং বাংলাদেশের পণ্যের বাজার সম্প্রসারণ। এ ছাড়া কৃষি, মৎস্যসম্পদ, মানবসম্পদ উন্নয়ন, বেসামরিক বিমান পরিবহন, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকার আধুনিকীকরণসহ বিভিন্ন বিষয়ে বেশ কয়েকটি সমঝোতা স্মারক বা সহযোগিতা চুক্তির খসড়া নিয়ে কাজ চলছে। সফরকালে এগুলোর মধ্য থেকে কয়েকটি স্বাক্ষরিত হতে পারে বলে আশা করা হচ্ছে। দুই দেশই বিশেষ করে জাপানি কোম্পানির কারখানা স্থাপন এবং নতুন কর্মসংস্থান তৈরির ওপর জোর দিচ্ছে।

    সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগ ও জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়াও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) প্রেসিডেন্ট, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নর, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন সভাপতি এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরামে তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। এর বাইরে জাপানের জ্বালানি অবকাঠামো ও শিল্প খাতের স্থাপনা পরিদর্শনের অংশ হিসেবে চিবা প্রিফেকচারের কুতসু শহরে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র এবং নাগোয়ায় টয়োটার কারখানা পরিদর্শনের কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।

    দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্কের বাইরে আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোও আলোচনায় স্থান পাবে। এর মধ্যে রয়েছে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা এবং আন্তর্জাতিক সংঘাত নিরসনে যৌথ ভূমিকার বিষয়। পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারত্ব আরও সংহত হবে। উল্লেখ্য, স্বাধীনতার পরপরই বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর অন্যতম হলো জাপান, যা বর্তমানে বাংলাদেশের অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করছে।

    আরও পড়ুন

    বিমানমন্ত্রী: সৌদির অনুমতি পেলেই রিয়াদে আবার ফ্লাইট চালু
    সবাইকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান
    শাহজালাল বিমানবন্দরে ১৫০টি নতুন ট্রলি দিলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়
    নিরাপত্তাজনিত কারণে রিয়াদের ফ্লাইট স্থগিত, দাম্মাম রুটে প্রস্তুতির আশা
    সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান
    চলতি মাসেই সরকারি কর্মচারীদের বাড়তি বেতন, ভাতা আগের হারেই
    প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন
    শাহজালালে এক সপ্তাহে ১১ অভিযান: জব্দ বিপুল পরিমাণ পণ্য