
স্বর্ণ ও হীরা সংগ্রহের আড়ালে প্রায় ৬৭৮ কোটি ১৯ লাখ টাকা অর্থপাচারের অভিযোগে দায়ের করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক মো. আশরাফুল হাসান জিজ্ঞাসাবাদের জন্য আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছিলেন। ২০ অক্টোবর (মঙ্গলবার) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য।
এর আগে ১৯ অক্টোবর সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানী এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। সিআইডি সূত্রে জানা যায়, ৬৭৮ কোটি ১৯ লাখ ১৪ হাজার ১৪ টাকা পাচারের অভিযোগে গুলশান থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি দায়ের করা হয়েছে। এর আগেও ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর স্বর্ণ ও হীরা চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির অভিযোগে র্যাব তাকে গ্রেফতার করেছিল। দিলীপ আগরওয়ালা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন।
