
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে ভারতে পালানোর সময় যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক হওয়া ৩৫ বছর বয়সী সুলতানা বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ এবং সদর উপজেলার সেহলা কলোনি এলাকার জুলমত আলীর মেয়ে। বিজিবি তাকে নিষিদ্ধ সংগঠনের নেত্রী হিসেবে উল্লেখ করেছে।
বুধবার বিকেলে সোনামসজিদ জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করে সীমান্ত রক্ষা বাহিনী। মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ইমিগ্রেশনের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে ভারতে প্রবেশের মুহূর্তে আইসিপি কমান্ডার নায়েব সুবেদার আখতারুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি দল তাকে নিজেদের হেফাজতে নেয়।
বিজিবি কর্মকর্তা আরও উল্লেখ করেন, প্রাথমিক অনুসন্ধানে সুলতানা বেগমের বিরুদ্ধে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় দায়ের হওয়া একটি নাশকতা মামলার সন্ধান মেলে। আটকের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
